পেশাদার গলফে মিডিয়া পার্টনার ‘গলফ মিডিয়া’। আজ বাংলাদেশ প্রোফেশনাল গলফার্স অ্যাসোসিয়েশনের (বিপিজিএ) সঙ্গে গলফ মিডিয়ার চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আর্মি গলফ ক্লাবে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিপিজিএ-এর প্রেসিডেন্ট মোহাম্মদ ইউনুস, সেক্রেটারী জেনারেল সিফাত চৌধুরী, গলফ মিডিয়ার প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক মেজবাহ্-উল-হক, এছাড়া দুই প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তা এবং বিশিষ্ট সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিপিজিএ-এর পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বিপিজিএ প্রেসিডেন্ট মোহাম্মদ ইউনুস ও গলফ মিডিয়ার প্রতিষ্ঠাতা এবং প্রধান সম্পাদক মেজবাহ্-উল-হক।

মোহাম্মদ ইউনুস মিডিয়াকে বলেন, ‘বাংলাদেশের গলফকে আমরা বিশ্বের দরবারে তুলে ধরতে চাই। গলফের উন্নয়নে ভূমিকা রেখে যেতে চাই। এক্ষেত্রে বড় ভূমিকা রয়েছে প্রচার মাধ্যমের। যত প্রচার হবে তত বেশি উন্নয়ন হবে। সে লক্ষ্যেই আমরা গলফ মিডিয়ার সঙ্গে চুক্তি করেছি। তারা গলফের প্রচারে ব্যাপক ভূমিকা পালন করছে। এটা আমাদের জন্য একটা বিশেষ দিন।’
গলফ মিডিয়ার মেজবাহ্-উল-হক বলেন, ‘প্রচারেই প্রসার। গলফের উন্নয়নের জন্য প্রচারের বিকল্প নেই। আমরা বাংলাদেশের গলফের উন্নয়নের ব্রত মাথায় নিয়েই কাজ করে যাচ্ছি। পেশাদার গলফের আতুরঘর বাংলাদেশ প্রোফেশনাল গলফার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে চুক্তির মাধ্যমে প্রচারের কাজটা আমাদের কাছে সহজ হয়ে গেল। বিপিজিএ-এর সঙ্গে গলফ মিডিয়া যুক্ত হওয়ায় বাংলাদেশের গলফ যেন কয়েক ধাপ এগিয়ে গেল।’

বিপিজিএ এর সেক্রেটারী জেনারেল সিফাত চৌধুরী বলেন, ‘আজকের দিনটি মাইলফলক হয়ে থাকবে। গলফ মিডিয়া অনেক দিন থেকেই গলফের প্রচারে খুবই কার্যকরী ভূমিকা পালন করে আসছে। তাদের মাধ্যমে দেশবাসী এমনকি বিদেশ থেকেও বাংলাদেশর গলফ সম্পর্কে জানছে মানুষ। সে জন্যই আমরা গলফ মিডিয়ার সঙ্গে চুক্তি করেছি। আশা করছি, একসঙ্গে কাজ করে বাংলাদেশের গলফকে আমরা অনেক ভালো কিছু উপহার দিতে পারবো।’
এদিকে আজ আর্মি গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়েছে চতুর্থ ওয়েস্টার্ন গ্রুপ পেশাদার গলফ ওপেন ২০২৬। প্রথম রাউন্ড শেষে ৬-আন্ডার-পার খেলে শীর্ষে রয়েছেন আকবর হোসেন। ৫-আন্ডার-পার খেলে দ্বিতীয় স্থানে বাদল হোসেন। তৃতীয় স্থানে থাকা জামাল হোসেন খেলেছেন ৩-আন্ডার-পার। তারকা গলফার সিদ্দিকুর রহমান ২-আন্ডার-পার খেলে সজীব আলী ও মো. রাজুর সঙ্গে যৌথভাবে চতুর্থ স্থানে রয়েছে। সব মিলে চার রাউন্ড খেলা হবে।


