এইচএসসিতে উত্তীর্ণ হকির যমজ বোন, ফুটবলে শ্রাবণ, টিটির খই খই

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে আজ। ক্রীড়াঙ্গনের অনেক তারকাই উচ্চ মাধ্যমিক এই পরীক্ষায় কৃতকার্য হয়েছেন। হকির যমজ বোনখ্যাত হিমাদ্রী বড়ুয়া এবং নিলাদ্রী বড়ুয়া পাস করেছেন। দুজনেই বাংলাদেশ জাতীয় নারী হকি দলের গুরুত্বপূর্ণ সদস্য। হিমাদ্রী জিপিএ-৫ পেলেও অল্পের জন্য এ প্লাস মিস করেছেন নিলাদ্রী (৪.৮৩)।তবে প্রত্যাশার চেয়ে ভাল করতে পেরে দুজনেই বেশ খুশি। এইচএসসি পরীক্ষার আগে জাতীয় দলের ক্যাম্পে ছিলেন তাঁরা। নিলাদ্রী বলেন, ‘ভালভাবে প্রাকটিস করার জন্য সেভাবে পরীক্ষা দিতে পারিনি। বেশি কিছু আশা ছিল না, তারপরও ভালো লাগছে ফল দেখে।’ খেলাটাকেই বেশি গুরুত্ব দেন দুই বোন। পাশাপাশি পড়াশোনা নিয়েও আছে বিশেষ পরিকল্পনা। হিমাদ্রীর ভাষায়, ‘ভালো লাগছে, ঢাকাতে ভালো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাই।’হিমাদ্রী এবং নিলাদ্রী দুজনেই বিকেএসপি থেকে পড়াশোনা করেন। সেখানে তাদের সঙ্গে জাতীয় দলে সুযোগ পাওয়া ৭জনের মধ্য ৬জনই উত্তীর্ণ হয়েছেন।বিকেএসপি থেকে এবার পাস করে়ছেন টিটির রানী খই খই সাই মারমাও। বিজ্ঞান বিভাগ থেকে তিনি ‘এ’ গ্রেড (৪.৬৭) পেয়ে উত্তীর্ণ হয়েছেন। খেলা এবং পড়াশোনা, দুটি একসঙ্গে চালানো সহজ ছিল না বলে জানান খই খই, ‘আসলেই একসঙ্গে দুইটা চালানো কঠিন ছিল, পরীক্ষার জন্য আমি সেলেকশন দিতে পারিনি, যে কারণে বড় দুটি গেমস মিস করেছি, তারপরও ফলটা অপ্রত্যাশিত ছিল, খুব ভালো লাগছে।’ এবার তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চান বলে জানান। টিটি থেকে খই খই ছাড়াও পাস করেছেন জুনিয়র ন্যাশনাল টিমের রেশমি তঙচঙ্গা, ঐশি রহমান, নাফিস ইকবাল ও আবুল হাসেম হাসিব। বসুন্ধরা কিংস জাতীয় ফুটবল দলের গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ পাস করেছেন। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় তিনি ঐচ্ছিক বিষয়সহ জিপিএ ৪.৭১ অর্জন করেছেন। ঐচ্ছিক বিষয় ছাড়া তাঁর জিপিএ ৪.৪৬। এছাড়া জাতীয় অনূর্ধ্ব-২০ দলের গোলকিপার ইসমাইল হোসেন মাহিন মানবিক শাখা থেকে ৪.২৫ নিয়ে উত্তীর্ণ হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *