ক্রিকেট
অনেকদিন ধরে ক্রিকেট খেলছি, কিছুটা হলেও তো জানি: মুমিনুল
গতবারও বিপিএল খেলা হয়নি তার। আর এবার ড্রাফটে থাকলেও কোনো দল ডেকে নেয়নি। সর্বশেষ মুমিনুল হক বিপিএল খেলেছেন ২০২১-২২ মৌসুমে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। সেবার ৪ ম্যাচ খেলে মোটেই সুবিধা করতে পারেননি বাঁহাতি এই ব্যাটার। সাকুল্যে তার সংগ্রহ ছিল ৬৯।
তবে জেনে অবাক হবেন, এখন বিপিএলে অনিয়মিত হয়ে পড়লেও বিপিএলে রান তোলার তালিকায় সেরা ২০ জনে আছেন মুমিনুল। ৮২ ম্যাচে ৭১ ইনিংসে ১৩৬৪ রান করে বিপিএলে রান তোলায় এখনো ১৬ নম্বরে এই ব্যাটার। নামের সঙ্গে আছে ৭ ফিফটি। ব্যাটিং গড় ২০.৬৬। স্ট্রাইক রেট ১০৭.৪৮।
এরকম পরিসংখ্যানের মুমিনুলকে এবার মাঝপথে দলে ভেড়ালো রংপুর রাইডার্স। হঠাৎ দল পেয়ে যারপরণাই খুশি মুমিনুল। প্রথমেই সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি ফ্র্যাঞ্চাইজদেরও ধন্যবাদ জানাতে ভোলেননি।
বিজ্ঞাপন
মুমিনুল বলেন, ‘সর্বপ্রথম আল্লাহর কাছে শুকরিয়া। রংপুরকেও ধন্যবাদ দেওয়া উচিত, তারা এই বছর আমাকে বিপিএলে সুযোগ করে দিয়েছে। তাদের প্রতি কৃতজ্ঞ। আলহামদুলিল্লাহ। বাকিটা আল্লাহর ওপরে।’
প্রস্তুতি প্রসঙ্গে বাঁহাতি এই ব্যাটার বলেন, ‘সামনেই শ্রীলঙ্কার সাথে ২ ম্যাচের টেস্ট সিরিজে। তাই নিজের প্রস্তুতিটা নেওয়াই ছিল। শ্রীলঙ্কা সিরিজের জন্য প্রস্ততি নিচ্ছিলাম। প্র্যাকটিসও করছিলাম।’
তার সমসাময়িক প্রায় সবাই বিপিএল খেলছেন। তিনি এই ফরম্যাটে অপাংক্তেয়। এটা কতটা খারাপ লাগার? এ প্রশ্নের জবাবে মুমিনুলের ব্যাখ্যা, ‘যদি অনেস্টলি বলেন, একটু খারাপ লাগবেই। খুব বেশি যে খারাপ লেগেছে, সেটাও না আবার। খারাপ লাগার তো বিভিন্ন ধরন থাকে, ওই ধরনটা একটু ডিফারেন্ট ছিল। কারো কম খারাপ লাগে, কারো একটু বেশি খারাপ লাগে। না লাগার মতো যতটুক, অতটুক খারাপ লেগেছিল। এমন খারাপ লাগছিল না যেটা হলে ফ্রাস্ট্রেটেড হয়ে যাব। সবাই যেহেতু খেলতেসে, আমারও একটু খেলার ইচ্ছা ছিল।’
হঠাৎ করে ডাক পেয়েছেন। নিজেকে মেলে ধরতে কী সমস্যা হবে? মুমিনুলের আত্মবিশ্বাসী জবাব, ‘আমার মনে হয় না খুব বেশি সমস্যা হবে। অনেকদিন ধরে ক্রিকেট খেলছি! খুব বেশি জানি, এটাও বলব না, কিছুটা হলেও তো জানি! আমার মনে হয় না খুব বেশি সমস্যা হবে।’


