গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকি লিগ ২০২৩-২৪ এ জয় পেয়েছে বাংলাদেশ পুলিশ স্পোর্টিং ক্লাব। শনিবার (৯ মার্চ) মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ও শেষ ম্যাচে দিলকুশা স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হয় পুলিশ। ম্যাচটি ২-১ গোলের ব্যবধানে জেতে পুলিশ। জয়ী হয়ে পক্ষে ভারতীয় গুরজিৎ সিং জোড়া গোল করেন। দিলকুশার হয়ে পারভেজ এক গোল শোধ দেন।
খেলার প্রথম কোয়ার্টারের ১১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে নেন পুলিশের গুরজিৎ সিং (১-০)। দ্বিতীয় কোয়ার্টারের ২০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে দলটি। এবারও পেনাল্টি কর্নার থেকে গোল আদায় করে নেন গুরজিৎ (২-০)। এরপর খেলার দ্বিতীয় ও তৃতীয় কোয়ার্টার ছিল গোলশূন্য। চতুর্থ ও শেষ কোয়ার্টারের ৫৪ মিনিটে দিলকুশার পারভেজের দারুণ এক ফিল্ড গোলে ব্যবধান কমে দাঁড়ায় ২-১। এই ব্যবধানেই ম্যাচ নিষ্পত্তি হয়।
এসকে/পিএইচএম


