বক্সিংয়ে ইতিহাস গড়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী জিন্নাত ফেরদৌস। প্রথম বাংলাদেশি হিসেবে আফ্রিকার ডারবানে জিতেছেন ম্যান্ডেলা কাপের স্বর্ণপদক।
এশিয়ান গেমসের আগে হাইপ তুললেও কিছু করতে পারেননি বক্সার জিনাত ফেরদৌস। আমেরিকান প্রবাসী বাংলাদেশি বক্সার এবার দক্ষিণ আফ্রিকায় আয়োজিত এক প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছেন। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয়েছে নেলসন ম্যান্ডেলা কাপ আন্তর্জাতিক বক্সিং প্রতিযোগিতা। আসরের ৫০ কেজি ওজন বিভাগের ফাইনালে ইথিওপিয়ার প্রতিযোগীকে হারিয়ে শ্রেষ্ঠত্ব অর্জনের উল্লাসে মাতেন এ বক্সার।
হাংজু এশিয়ান গেমসের আগে জিনাত ফেরদৌস ও তার কোচের পেছনেও বিনিয়োগ করেছিল বাংলাদেশ। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) কর্মকর্তারা এ বক্সারের মাধ্যমে বড় কিছুর স্বপ্ন দেখছিলেন। গেমসের প্রথম রাউন্ডে বাই পাওয়া জিনাত পরের রাউন্ডে রীতিমতো বিধ্বস্ত হন। প্রথম বাউটে খানিকটা লড়াই করতে পারলেও সময়ের সঙ্গে পিছিয়ে যান এ বক্সার। ম্যাচের কোনো অংশে প্রতিপক্ষের ওপর চড়াও হতে পারেননি। বরং নিজেকে রক্ষা করতেই বেশি সময় কাটাতে হয়েছিল। শেষ দুই বাউটে অবশ্য সেটাও করতে পারেননি। শেষ পর্যন্ত ০-৫ ব্যবধানে হেরে বিদায় নিতে হয়েছে। ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশনের সহযোগিতায় দক্ষিণ আফ্রিকার প্রতিযোগিতা আয়োজন করেছিল আফ্রিকান বক্সিং কাউন্সিল।
এসকে/পিএইচএম


