রোনালদো জাদুতে আল নাসরের জয়

সৌদি কিংস কাপের সেমিফাইনালে আল খালিজকে ৩-১ গোলে হারিয়েছে আল নাসর। এদিন আল নাসরের হয়ে জোড়া গোল করেছেন দলের প্রাণভোমরা ক্রিশ্চিয়ানো রোনালদো। বাকি এক গোল করেন সাদিও মানে। এতে টুর্নামেন্টে ফাইনাল নিশ্চিত করেছে রোনালদোর দল।

বুধবার (০১ মে) রাতে রিয়াদের আল আওয়াল পার্কে প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ১৭তম মিনিটে দলকে এগিয়ে দেন রোনালদো। সতীর্থের ব্যাকপাস পেয়ে ক্লিয়ার করতে তাড়াহুড়ায় শট নেন আল খালিজের গোলরক্ষক।বল আল নাসেরের একজনের পায়ে লেগে চলে যায় বক্সের কোনায়, ছুটে গিয়ে লক্ষ্যের দিকে না তাকিয়েই শট নেন পর্তুগিজ তারকা। বল উড়ে গিয়ে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে পায়।৩৭তম মিনিটে সাদিও মানের সফল স্পট কিকে ম্যাচের নিয়ন্ত্রণও পেয়ে যায় আল নাসের। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আল নাসর।

দ্বিতীয়ার্ধেও শুরুটা দুর্দান্ত হয় আল নাসেরের। ৫৭তম মিনিটে সতীর্থের ফ্লিকে বল গোলমুখে পেয়ে শট নেন রোনালদো। গোলরক্ষক ঝাঁপিয়ে ঠেকালেও ফিরতি বল পেয়ে যান পাঁচবারের বর্ষসেরা ফুটবলার, এবার আর কোনো ভুল করেননি তিনি।চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে আল নাসেরের হয়ে ৩৯ ম্যাচে রোনালদোর গোল হলো ৩৮টি। ৮২তম মিনিটে ফাওয়াজ আল-তোরাইসের গোলে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা জাগায় আল খালিজ। যদিও শেষ পর্যন্ত কোনো নাটকীয়তার জন্ম দিতে পারেনি তারা।

এসকে/পিএইচএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *