ইব্রাহিম খলিল: জার্মানির কোচ ইউলিয়ান নাগেলসমান তার প্রথম বড় টুর্নামেন্টের জন্য ২৬ জনের দল ঘোষণা করেছেন। তবে দলে চারজন গোলরক্ষক রাখা নিয়ে তুলেছে বিতর্ক। মানুয়েল নয়ার, মার্ক-আন্দ্রে টের স্টেগেন এবং অলিভার বাউম্যানের জায়গা ছিল নিশ্চিত। তবে স্টুর্টগার্ডের গোলরক্ষক আলেকজান্ডার নুবেলকেও দলে নেওয়া হয়েছে।
নাগেলসমান বলেছেন, ‘নুবেল যোগ্য ছিল। অনুশীলনে আমাদের আরও গোলরক্ষকের প্রয়োজন হয়, তাই চাপ কমাতে নুবেলকেও নেওয়া হয়েছে।’ অনেকে মনে করছেন চারজন গোলরক্ষক দলের ভারসাম্য নষ্ট করবে। তবে নাগেলসমান আশাবাদী। তিনি বলেছেন, ‘চারজন বাদ দিলেও আমাদের ২২ জন ফুটবলার থাকবে। এমনকি ২০ জন হলেও আমাদের জন্য যথেষ্ট।’
গেল সেপ্টেম্বরে জার্মান দলের দায়িত্ব নেন নাগেলসমান। তারপর থেকে ৬টি প্রীতি ম্যাচ খেলেছেন। যেখানে তিন জয়ের বিপরীতে দেখেছেন দুই হার আর এক ম্যাচ হয়েছে ড্র। জার্মানি তাদের ইউরো অভিযান শুরু করবে ১৪ জুন স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে।
এসকে


