ইব্রাহিম খলিল: টানা পঞ্চমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা জয় করে ঐতিহাসিক রেকর্ড গড়েছে বসুন্ধরা কিংস। রোববার কিংস অ্যারেনায় এক আনন্দমুখর অনুষ্ঠানের মাধ্যমে শিরোপা উৎসব পালিত হয়। ম্যাচ শুরুর আগে থেকেই কিংস অ্যারেনায় ছিল উৎসবের আমেজ। লাল জার্সিতে ভরে গিয়েছিল স্টেডিয়াম। টানা পঞ্চমবার শিরোপা জয়ের রোমাঞ্চে মাতোয়ারা ছিলেন সমর্থকরা।
ক্ষুদে ফুটবলারদের ম্যাচের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা। এরপর উত্তেজনামূলক ম্যাচে বসুন্ধরা কিংস ও বাংলাদেশ পুলিশ এফসি ২-২ গোলে ড্র করে। তবে ম্যাচ ড্র হলেও উৎসাহের কমতি ছিল না। কারণ, টানা পঞ্চমবার শিরোপা জয়ের কীর্তি অর্জন করেছে বসুন্ধরা।ম্যাচ শেষে পোডিয়ামে রাখা হয় চকচকে শিরোপা। ট্রফি দেখে মুগ্ধতা লুকাতে পারছিলেন না বসুন্ধরার ফুটবলাররা। একের পর এক ট্রফি ছুঁয়ে দেখতে ব্যস্ত ছিলেন তারা। পরে যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপনের হাত থেকে শিরোপা গ্রহণ করেন বসুন্ধরা কিংসের অধিনায়ক রবসন রবিনহো।
এরপর শুরু হয় আনন্দের বন্যা। শিরোপা নিয়ে আনন্দে মাতোয়ারা ছিলেন বসুন্ধরার ফুটবলাররা। আতশবাজি ও মিউজিক্যাল শো মঞ্চের আকর্ষণ বাড়িয়ে তুলেছিল।দলগত উদযাপন শেষে শুরু হয় ট্রফি হাতে ছবি তোলার ঝড়। ফুটবলাররা, ক্লাব কর্মী সকলেই ট্রফির সাথে ছবি তুলতে ব্যস্ত ছিলেন। এই ঐতিহাসিক মুহূর্তে ফুটবলারদের পরিবারও উপস্থিত ছিলেন। প্রিয়জনের সাফল্যে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন তারা। এবারের মৌসুমে ট্রেবল জয় করতে আশাবাদী অস্কার ব্রুজোনের শিষ্যরা।
এসকে


