শিরোপার লড়াইয়ে অভিজ্ঞতার জয়, রেকর্ড ১৫তম শিরোপা জয় রিয়াল মাদ্রিদের শনিবার রাতে ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডকে ২-০ গোলে হারিয়ে রেকর্ড ১৫তম শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ।
ম্যাচের শুরু থেকেই ডর্টমুন্ড আক্রমণাত্মক ফুটবল খেলে রিয়ালকে চাপের মধ্যে রেখেছিল। প্রথমার্ধে তারা রিয়ালের চেয়ে বেশি বল দখলে রেখেছিল এবং বেশ কিছু ভালো সুযোগ তৈরি করেছিল। তবে রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া তার দারুণ পারফর্ম্যান্সে ডর্টমুন্ডকে এগিয়ে যেতে দেননি।দ্বিতীয়ার্ধে রিয়াল ম্যাচে ফিরে আসে এবং ধীরে ধীরে নিয়ন্ত্রণ নিতে শুরু করে। ৭৪তম মিনিটে ডিফেন্ডার দানি কারভাহালের হেড গোলে রিয়াল এগিয়ে যায়। এরপর ৮৩তম মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র রিয়ালের জয় নিশ্চিত করেন।
রিয়ালের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন গোলরক্ষক থিবো কোর্তোয়া। তিনি ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে ডর্টমুন্ডের বেশ কিছু গোল বাঁচিয়ে রিয়ালকে জয় এনে দিয়েছেন। ডর্টমুন্ড হতাশায় মাঠ ছাড়ে। তারা ম্যাচের বেশিরভাগ সময় ভালো খেলেছিল, তবে রিয়ালের অভিজ্ঞতা ও দক্ষতার কাছে হেরে যেতে হয়েছে। এই জয়ের মাধ্যমে রিয়াল তাদের রেকর্ড ১৫তম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছে। কোনো দলের চেয়ে বেশি শিরোপা জয়ের রেকর্ড এখনও রিয়ালেরই।
এসকে/আইকে


