চলতি মাসে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে হংকং। আগামী ৯ অক্টোবর ঢাকা জাতীয় স্টেডিয়ামে হংকংকে আতিথেয়তা দেবে বাংলাদেশ। এরপর ফিরতি লেগে দুই দলের সাক্ষাত হবে ১৪ অক্টোবর। সেই ম্যাচটি অবশ্য হংকং তাদের মাটিতে আয়োজন করবে।
শুক্রবার (৩ অক্টোবর) বাংলাদেশের বিপক্ষে আসন্ন এই দুটি ম্যাচের জন্য ২৫ সদস্যের দল ঘোষণা করেছে হংকং। দলটিতে অন্তত ৫ ফুটবলার রয়েছেন যাদের জন্ম ব্রাজিলে। এছাড়া বলিভিয়া, জার্মানি, নিউজিল্যান্ড, ক্যামেরুন, জাপানি বংশোদ্ভূত ফুটবলারদেরও রেখেছে হংকং।
এই দলের মধ্যে আলোচিত নাম দুদু। একসময় তার নেতৃত্বেই বয়সভিত্তিক পর্যায়ে খেলেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। দুজনেই একসাথে বেড়ে উঠেছেন সান্তোসের একাডেমিতে। যদিও ক্লাবটির সিনিয়র দলে খুব বেশি খেলার সুযোগ পাননি এই সেন্টারব্যাক। গত বছর হংকংয়ের জার্সিতে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় দুদুর। এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছেন তিনি।
ব্রাজিলিয়ান বংশোদ্ভূত ফুটবলারদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ ফের্নান্দো অগুস্তো। ২০২২ সাল থেকে হংকংয়ের জার্সিতে খেলছেন তিনি। ২৩ ম্যাচে খেলে একটি গোলও করেছেন এই লেফটব্যাক। বাংলাদেশের জন্য আতঙ্কের নাম হতে পারেন এভেরতন কামারগো। ২০২৩ সালে অভিষেক হওয়ার পর ১৯ ম্যাচে ১০ গোল করেছেন এই উইঙ্গার। গত সেপ্টেম্বরে ফিজির বিপক্ষেও পেয়েছেন গোলের দেখা।
গত বছর অভিষেক হয় জুনিনিও ও স্তেফান পেরেইরা। আক্রমণভাগে দুজনই হয়ে উঠেছেন ভরসার নাম। জুনিনিও ২২ ও স্তেফান খেলেছেন ২০ ম্যাচ। ডাক পাওয়া খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ গোলের মালিক ম্যাথু এলিয়ট। নিউজিল্যান্ডের বংশোদ্ভূত এই ফরোয়ার্ড ২০২১ সাল থেকে ৪২ ম্যাচ খেলে করেছেন ১১ গোল।


