অক্টোবর ২০২৫-এ চট্টগ্রামে অনুষ্ঠিত বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের তিন ম্যাচের টি২০ সিরিজটি শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের একতরফা দখলে গিয়েছে। প্রথম ম্যাচে টসে জিতে ব্যাটিং নেয় ওয়েস্ট ইন্ডিজ এবং ১৬৫ রানের লড়াকু স্কোর গড়ে। বাংলাদেশের ব্যাটিংয়ের শুরু ভালো হলেও মাঝ ও শেষের দিকে ধস নামায় তারা ১৪৯ রানে অলআউট হয়, ফলে ১৬ রানে পরাজয় বরণ করতে হয়। দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ আবারও ইনিংস গড়ে তোলে ১৪৯ রানে, যেখানে শাই হোপ ও আলিক আতানাজে ফিফটি করেন। বাংলাদেশের পক্ষে তানজিদ হাসান ৬১ রানের ইনিংস খেললেও দলের অন্য ব্যাটাররা সঙ্গ দিতে পারেননি, ফলে বাংলাদেশ হার মানে ১৪ রানে এবং সিরিজ হার নিশ্চিত হয়। তৃতীয় ম্যাচে সিরিজ বাঁচানোর লড়াইয়ে বাংলাদেশ প্রথমে ব্যাট করে ১৫১ রান তুললেও শেষ দিকে মাত্র কয়েক ওভারে ৮ উইকেট হারিয়ে বিপর্যস্ত হয়। ওয়েস্ট ইন্ডিজের অ্যাকিম অগাস্টে ও রস্টন চেজের দারুণ ফিফটির ওপর ভর করে তারা ১৬.৫ ওভারে লক্ষ্য ছুঁয়ে ফেলে এবং ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নেয়।
সিরিজ সেরা হন উইন্ডিজ বোলার রোমারিও শেফার্ড। ৩ ম্যাচে সর্বোচ্চ ১৬৫ করেন তানজিদ হাসান তামিম। অপরদিকে, তিন ম্যাচে সর্বোচ্চ ৭টি করে উইকেট শিকার করেন জেসন হোল্ডার ও রোমারিও শেফার্ড।
পুরো সিরিজে বাংলাদেশের প্রধান সমস্যা ছিল ধারাবাহিকতা ও চাপের মুহূর্তে স্থিরতা বজায় রাখতে না পারা- শুরুর ভালো ইনিংসগুলোকে বড় স্কোরে রূপ দিতে পারেনি, আর বোলিংয়েও শেষ ওভারে নিয়ন্ত্রণ হারিয়েছে। অপরদিকে, ওয়েস্ট ইন্ডিজ পরিকল্পিত ব্যাটিং, ঠান্ডা মেজাজ ও ফিনিশিং দক্ষতা দেখিয়ে পুরো সিরিজে আধিপত্য বজায় রাখে।


