ডোপিংয়ের দায়ে ৩ মাস নিষিদ্ধ নেওয়াজ


নির্ধারিত সীমার চেয়ে বেশি মাত্রায় নিষিদ্ধ মাদক গ্রহণের দায়ে পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নেওয়াজকে তিন মাসের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। টি-টুয়েন্টি বিশ্বকাপ চলাকালে ডোপ পরীক্ষায় পজিটিভ আসায় আইসিসির মাদকবিরোধী আইন অনুযায়ী এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে নিষেধাজ্ঞার সময় ইতিমধ্যে শেষ হয়ে যাওয়ায় এখন মাঠে ফিরতে কোনো বাধা নেই নেওয়াজের।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, গত ৭ ফেব্রুয়ারি কলম্বোয় নেদারল্যান্ডসের বিপক্ষে পাকিস্তানের টি-টুয়েন্টি বিশ্বকাপ ম্যাচ শেষে নেওয়াজের ডোপ পরীক্ষা করা হয়। পরীক্ষায় তাঁর শরীরে ‘কার্বক্সি-টিএইচসি’ শনাক্ত হয়, যা আইসিসির ডোপিংবিরোধী বিধিমালায় নিষিদ্ধ পদার্থ হিসেবে তালিকাভুক্ত।
৩২ বছর বয়সী নেওয়াজ অভিযোগ স্বীকার করেছেন। একই সঙ্গে তিনি প্রমাণ দিয়েছেন যে টুর্নামেন্ট চলাকালে ওই মাদক গ্রহণ করেননি। তাঁর দাবি, এটি কোনোভাবেই পারফরম্যান্স বাড়ানোর উদ্দেশ্যে নেওয়া হয়নি।

আইসিসির ডোপিংবিরোধী বিধিমালা অনুযায়ী, এ ধরনের অপরাধের জন্য তাঁর তিন মাসের নিষেধাজ্ঞা হওয়ার কথা ছিল। তবে আইসিসি অনুমোদিত মাদক নিরাময় ও পুনর্বাসন কর্মসূচিতে অংশ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়ায় সেই শাস্তি কমিয়ে এক মাস করা হয়েছে।

১ মে থেকে নেওয়াজ স্বেচ্ছায় সাময়িক নিষেধাজ্ঞা মেনে নিয়েছিলেন এবং ওই দিন থেকেই শাস্তির মেয়াদ কার্যকর হয়। এরই মধ্যে তিনি আড়াই মাসের বেশি সময় মাঠের বাইরে কাটিয়েছেন। ফলে নিষেধাজ্ঞার সময়সীমা শেষ হওয়ায় এখন তাঁর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। তবে পুনর্বাসন কর্মসূচিটি তাঁকে সম্পন্ন করতে হবে। সেটি শেষ করতে পারলে এ ঘটনায় নতুন করে আর কোনো নিষেধাজ্ঞা ভোগ করতে হবে না।

আইসিসির ডোপিংবিরোধী বিধিমালা অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ থেকে শুরু করে ১ মে সাময়িক নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগপর্যন্ত নেওয়াজের সব ব্যক্তিগত পারফরম্যান্স—রান, উইকেট ও অন্যান্য পরিসংখ্যান—বাতিল ঘোষণা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *