রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে সেল্টা ভিগোকে ৪-১ গোলে পরাজিত করে লা লিগায় শিরোপা জয়ের আরো নিকটে এগিয়ে গেলো রিয়াল মাদ্রিদ । খেলার শুরুতেই রিয়াল মাদ্রিদ দাপট দেখায়। খেলার শুরুর মাত্র ছয় মিনিটের মধ্যে তারা চারটি কর্নার আদায় করে নেয়। এই কর্নারগুলোর একটি প্রায় গোলে রূপান্তরিত হতে চলেছিল।
এডুয়ার্ডো কামাভিঙ্গা ১২ গজ দূর থেকে একটি সুন্দর হেডার নেন কিন্তু সেল্টা গোলরক্ষক ভিসেন্তে গুয়াইতা আঙ্গুলের ডগায় লাগিয়ে দুর্দান্ত সেভ করে দেন।অবশেষে রিয়াল মাদ্রিদ তাদের ষষ্ঠ কর্নার থেকে গোল পায়। লুকা মড্রিচের লুপ করে নেয়া কর্নার থেকে রুডিগারের হেডারটি ভিনিসিয়াস জুনিয়রের ভলিসহ দুর্দান্তভাবে সেভ করেন গুয়াইতা কিন্তু তিনি ভিনির তৃতীয় প্রচেষ্টা ঠেকাতে ব্যর্থ হন। প্রথমার্ধের প্রায় পুরোটা সময় পিছিয়ে থাকা সত্ত্বেও, সেল্টা হাফটাইমের ঠিক আগে একটি ভালো সুযোগ পায়। ইয়াগো আসপাসের পাস থেকে লুকা দে লা টোরে পোস্টের ঠিক পিছনে ছিলেন কিন্তু তার হেডারটি ক্রসবারের উপর দিয়ে চলে যায়।
দ্বিতীয়ার্ধেও রিয়াল মাদ্রিদের দাপট অব্যাহত থাকে। ফেদেরিকো ভালভার্দে, ব্রাহিম ডিয়াজ এবং রড্রিগো গোস সুযোগ পেলেও গোল করতে পারেননি। কিন্তু খেলার শেষের দিকে জোসেলু মাঠে নামার পর মড্রিচের আরেকটি কর্নার কিক থেকে সে সুযোগ পান। তবে গোল পোস্টের কাছাকাছি আসা বলটিতে ঠিকঠাক মাথা ছোঁয়াতে ব্যর্থ হন এবং ক্রসবারের উপর দিয়ে চলে যায়। পাঁচ মিনিট পর আরেকটি কর্নার কিক সেল্টা ভিগোর ডি বক্সে গোলমাল সৃষ্টি করে এবং রিয়াল মাদ্রিদকে দ্বিতীয় গোলে এগিয়ে দেয়। রুডিগার আবারও একটি দুর্দান্ত হেড করেন। তার হেডারটি ক্রসবার এবং গোলকিপার গুয়াইতার দুর্ভাগ্যজনক স্পর্শে জালে জমা হয়। খেলার শেষ মুহূর্তে সেল্টার বিপর্যয় আরও বাড়ে যখন ভিনিসিয়াস জুনিয়রের ক্রসে গোলকিপার গুয়াইতা বিভ্রান্ত হলে কার্লোস ডোমিঙ্গেজ আত্মঘাতী গোলে নিজেদের জালে বল জড়িয়ে দেন। এরপর আরদা গুলার ডানি সেবায়োসের পাস থেকে গোল করে ম্যাচটি ৪-১ গোলে রিয়াল মাদ্রিদের জয় নিশ্চিত করেন। একই সাথে ২৮ ম্যাচ শেষে ৬৯ পয়েন্ট নিয়ে টেবিলের ২য় স্থানে থাকা জিরোনার চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে থেকে শিরোপার আরও একধাপ নিকটে এগিয়ে গেলো রিয়াল মাদ্রিদ।
এসকে/ওবি


