রুদ্ধশ্বাস এই ইভেন্টের শেষ রাউন্ডে যাবার আগেও টুর্নামেন্ট বিজয়ী হবার সম্ভাবনা ছিল ৪ জনের। উপরন্তু নদিরবেকেরই চান্স ছিল কম, কারণ ৩ জন লিডারের থেকে হাফ পয়েন্ট পিছিয়ে ছিলেন তিনি। ৬ রাউন্ডে ৪ পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষে অবস্থান করছিলেন অর্জুন এরিগেইসি, পিটার স্ভিদলার এবং অন্তন কোরোবভ। ৩.৫ পয়েন্ট নিয়ে তাদের ঘাড়ে শ্বাস ফেলছিলেন আব্দুসাত্তারভ।
শেষ রাউন্ডে লিডারদের কেউ একজন জয় পেলেই নদিরবেকের সব চান্স ধুলিস্মাৎ হয়ে যেত। কিন্তু ভাগ্য ছিল তার পক্ষেই। এরিগেইসি আর স্ভিদলার ড্র পান, আর কোরোবভ তো হেরেই বসেন। পক্ষান্তরে নদিরবেক নিজের গেমে জয় পান। ফলে কোরোবভ বাদে এই তিনজনের টাইব্রেক অনুষ্ঠিত হয়। তাদের পয়েন্ট দাঁড়ায় ৭ রাউন্ডে ৪.৫। এবং টাইব্রেকারে নদিরবেক বিজয়ী হন। আটজন দাবাড়ুর সিঙ্গেল রাউন্ড রবিন এই টুর্নামেন্টের বাকি প্রতিযোগীদের মাঝে ছিলেন নারী বিশ্বচ্যাম্পিয়ন জু ওয়েঞ্জুন, ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়ন মার্ক আন্দ্রেয়া মৌরিজ্জি, ভিনসেন্ট কাইমার এবং নিলস গ্রান্ডেলিউস।
সুইডেনের মালমো শহরের এলিট প্লাজা হোটেলে গত ২৭ এপ্রিল থেকে ৩ মে, এই ইনভাইটেশনাল টুর্নামেন্টটি আয়োজিত হয়।


