চ্যাম্পিয়নস ট্রফির আর মাত্র মাস খানেক বাকী। বেশ কিছু সিনিয়র ক্রিকেটারদের ছাড়াই ঘোষনা হয়েছে টাইগার স্কোয়াড। পঞ্চপাণ্ডবদের মধ্যে মাত্র দুইজন আছেন এবারের স্কোয়াডে। এত কিছুর পর আবার পদত্যাগের সিদ্ধান্ত নিলেন টাইগার স্কোয়াডের সহকারী কোচ নিক পোথাস।
তথ্যসূত্রে জানা গেছে, তার সাথে জাতীয় দলের চুক্তির মেয়াদ ছিল ২০২৬ সাল নাগাদ। সেই চুক্তি অনুযায়ী চ্যাম্পিয়নস ট্রফিতে তাকে পাশে পাওয়ার ব্যাপারে নিশ্চিতই হয়েছিল সবাই।কিন্তু টাইগার স্কোয়াডের এই গুরুত্বপূর্ণ সময়ে চুক্তির মেয়াদ প্রায় ১ বছর থাকতেই পদত্যাগের ঘোষনা দেন এই টাইগার কোচ। নিক পোথাস ২০২৩ সালের এপ্রিলে জাতীয় দলের দায়িত্ব নেন। ৫১ বছর বয়সী এ কোচের সঙ্গে চুক্তির মেয়াদ আছে ২০২৬ সালের মার্চ পর্যন্ত।
সময়ের আগেই দায়িত্ব ছাড়লেও বাংলাদেশকে শুভ কামনা জানাতে ভোলেননি পোথাস, ‘বাংলাদেশ ক্রিকেটের সামনে রোমাঞ্চকর একটা বছর অপেক্ষা করছে। দলের সবার প্রতি আমার শুভ কামনা। আমি তোমাদের মিস করব।’ পোথাসের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশনস ইনচার্জ শাহরিয়ার নাফীস। ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজকে নাফীস বলেছেন, ‘হ্যাঁ, তাঁর চুক্তি ২০২৬ সালের মার্চ পর্যন্ত ছিল, কিন্তু পারিবারিক কারণে তিনি পদত্যাগ করেছেন।’ গতকাল বৃহস্পতিবার গভীর রাতে ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়েছেন ৫১ বছর বয়সী এ দক্ষিণ আফ্রিকান কোচ। বাংলাদেশ দলে যোগ দেওয়ার আগে ২০১৭-১৮ ও ২০১৮-১৯ মৌসুমে যথাক্রমে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচের দায়িত্ব পালন করেন পোথাস। এছাড়া তিনি এসব দলের সহকারী কোচ ও ফিল্ডিং কোচের ভূমিকাতেও ছিলেন। তবে, তামিম-সাকিবের অনুপস্থিতি কিছুটা বিপাকে ফেললেও ফেলতে পারে টাইগারদের, তবে জুনিয়র ক্রিকেটারদের আশানুরূপ পারফরম্যান্স কিছুটা আশার আলো বয়ে আনছে দেশের ক্রিকেটাঙ্গনে। সেই সাথে যার কাছে হাতেকলমে হাতেখড়ি হয়েছে বেশিরভাগ ক্রিকেটারের ক্যারিয়ারের সেই অন ম্যান আর্মি সালাউদ্দিন স্যার থাকাতে কিছুটা স্বস্তির বাতাস তো থাকছেই টাইগার শিবিরে।
এসকে/রাকিবুল হাসান


