ব্যাংককে আন্তর্জাতিক ফুটবল লিগে চ্যাম্পিয়ন বাংলাদেশের কিশোর ফুটবলাররা। বাংলাদেশের ফুটবলে নতুন ইতিহাস রচনা করল জাতীয় নারী দলের তারকা সাবিনা খাতুনের প্রতিষ্ঠিত ওয়ারিয়র স্পোর্টস একাডেমি। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ফুটবল লিগ টুর্নামেন্টে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে একাডেমির অনূর্ধ্ব-১৪ দল।এই অভূতপূর্ব অর্জনের ফলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের বয়সভিত্তিক ফুটবল নতুন করে আলোচনায় এসেছে।
ওয়ারিয়র স্পোর্টস একাডেমির এই ঐতিহাসিক যাত্রা সম্ভব হয়েছে আন্তর্জাতিক স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান রয়্যাল অরাঞ্জের সহযোগিতায়। তাদের অংশীদারিত্বের মাধ্যমে একাডেমির প্রথম আন্তর্জাতিক সফরের আয়োজন করা হয়। সফরকে সফল করতে পাশে ছিল বিট্র্যাক সলিউশনস, কাজি এগ্রো এবং অফিশিয়াল এয়ারলাইন পার্টনার হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
ওয়ারিয়র স্পোর্টস একাডেমির অনূর্ধ্ব-১৪ দল টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখায়। থাইল্যান্ড ও ফিলিপাইনের শীর্ষ একাডেমি ও আন্তর্জাতিক স্কুলগুলোকে হারিয়ে তারা জায়গা করে নেয় ফাইনালে। শিরোপা নির্ধারণী ম্যাচে শক্তিশালী ব্যাংকক একাডেমিকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশি কিশোররা।
বর্তমানে ভুটান লিগে খেলছেন সাবিনা খাতুন। একাডেমির এই অর্জনে তিনি গর্ব প্রকাশ করে বলেন—
“এই অর্জন আমাদের স্বপ্নযাত্রার শুরু মাত্র। বাংলাদেশের কিশোর খেলোয়াড়দের আন্তর্জাতিক মঞ্চে সুযোগ করে দেওয়া এবং বিশ্ব ফুটবলে দেশের নাম উজ্জ্বল করাই আমাদের লক্ষ্য। ওয়ারিয়র স্পোর্টস একাডেমি ফুটবলের শিকড় পর্যায় থেকে উন্নয়নে কাজ চালিয়ে যাবে।”
সম্প্রতি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একাডেমি অ্যাক্রেডিটেশন স্কিমে ‘ওয়ান-স্টার’ স্বীকৃতি অর্জন করেছে ওয়ারিয়র স্পোর্টস একাডেমি। যা দেশের ফুটবল অঙ্গনে একাডেমিটির অগ্রযাত্রাকে আরও দৃঢ় করেছে।


