বিশ্বকাপ ফাইনাল মানেই মাঠে শ্রেষ্ঠত্বের লড়াই, কিন্তু ২০২৬ সালের মহারণে যোগ হচ্ছে আরও এক নতুন আকর্ষণ। ট্রফি জয়ের লড়াইয়ের পাশাপাশি এবার ফুটবলপ্রেমীদের জন্য থাকছে সংগীতের মহোৎসব। বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালের বিরতিতে আয়োজন করা হচ্ছে সুপার বোলের আদলে বিশেষ হাফটাইম শো। যেখানে একই মঞ্চে পারফর্ম করবেন জাস্টিন বিবার, শাকিরা, ম্যাডোনা, বিটিএসসহ বিশ্বের নামকরা সংগীত তারকারা। তথ্য আল-জাজিরার।
আগামী ১৯ জুলাই রাতে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল। বাংলাদেশ সময় অনুযায়ী ম্যাচটি শুরু হবে দিবাগত রাত ১টায়। আর ম্যাচের বিরতিতে ফুটবল ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করবে ১১ মিনিটের বিশেষ এই সংগীত আয়োজন।
ফিফা জানিয়েছে, বিশ্বকাপ ফাইনালের হাফটাইমে এমন বড় পরিসরের সংগীত অনুষ্ঠান এবারই প্রথম। বুধবার (৮ জুন) আয়োজকরা আনুষ্ঠানিকভাবে এই আয়োজনের শিল্পীদের তালিকা প্রকাশ করেছে। এই বিশেষ অনুষ্ঠানের পরিকল্পনা ও তত্ত্বাবধানে রয়েছেন ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন।


