থাকছেন না স্কালোনি, আর্জেন্টিনার পরবর্তী কোচ হচ্ছেন কে?


নিজের আবেগ সামলে রাখতে পারেননি লিওনেল স্কালোনি। বিশ্বকাপের ফাইনালে হারের পর সংবাদ সম্মেলনে এসে কেঁদেছিলেন। দলকে বিশ্বকাপ জিতিয়েছেন ২০২২ সালে।
তবুও এবার ২০২৬ বিশ্বকাপে রানার্সআপ হয়ে স্কালোনি ফল মানতে পারেননি। নিজের দল আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন হিসেবে দেখেন তিনি। ফাইনাল হারের পর আর্জেন্টিনার প্রধান কোচ ইঙ্গিত দিয়েছেন, তিনি ডিসেম্বর পর্যন্ত নিজের চুক্তি পালন করবেন। তবে এরপর দায়িত্ব ছেড়ে কিছুদিন কোচিং থেকে বিরতি নেওয়ার পরিকল্পনা রয়েছে তার।

স্কালোনি বলেন, ‘আমি ডিসেম্বর পর্যন্ত আর্জেন্টিনার কোচ হিসেবে থাকব। এরপর সম্ভবত দায়িত্ব ছেড়ে দেব। এখন আমার নতুন করে শক্তি সঞ্চয় করা এবং কিছুটা বিরতি নেয়া প্রয়োজন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আর্জেন্টিনা দল ও দেশের মানুষের মধ্যে এই ইতিবাচক মানসিকতা ধরে রাখা। এ নিয়ে আমি ভীষণ গর্বিত।’

স্কালোনির সম্ভাব্য বিদায়ের খবর সামনে আসতেই আর্জেন্টিনার গণমাধ্যমে শুরু হয়েছে নতুন কোচ নিয়ে জোর আলোচনা। সম্ভাব্য উত্তরসূরি হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে চারটি নাম।

এক নজরে সেই সব নাম দেখে নেয়া যাক,

পাবলো আইমার

বর্তমান কোচিং স্টাফে স্কালোনির সহকারী হিসেবে শুরু থেকেই দায়িত্ব পালন করছেন সাবেক আর্জেন্টাইন মিডফিল্ডার পাবলো আইমার। সাম্প্রতিক সাফল্যের পুরো যাত্রায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা জয়, ফিনালিসিমা জয়, ২০২২ বিশ্বকাপ জেতা এবং ২০২৬ বিশ্বকাপের ফাইনালে ওঠার পেছনেও ছিল তার অবদান। ফলে ধারাবাহিকতা বজায় রাখতে আইমারকে সবচেয়ে উপযুক্ত বিকল্প হিসেবে দেখা হচ্ছে।

মার্সেলো গালিয়ার্দো

খেলোয়াড় ও কোচ-দুই ভূমিকাতেই রিভার প্লেটের কিংবদন্তি মার্সেলো গালিয়ার্দো দীর্ঘদিন ধরেই আর্জেন্টিনা জাতীয় দলের সম্ভাব্য কোচ হিসেবে আলোচনায় রয়েছেন। রিভারে দ্বিতীয় মেয়াদ খুব বেশি সফল না হলেও দক্ষিণ আমেরিকার ফুটবলে তার অর্জন তাকে অন্যতম শক্তিশালী প্রার্থী করে তুলেছে।

দিয়েগো সিমিওনে

এক দশকেরও বেশি সময় ধরে অ্যাথলেটিকো মাদ্রিদের দায়িত্বে থাকা দিয়েগো সিমিওনে বহুবার জাতীয় দলের কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। ক্লাব ফুটবলে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অসাধারণ সাফল্য পাওয়া এই কোচ প্রথমবারের মতো জাতীয় দলের দায়িত্ব নেওয়ার সুযোগ পেতে পারেন।

মাউরিসিও পোচেত্তিনো

যুক্তরাষ্ট্র জাতীয় দলের দায়িত্ব ছাড়ার পর বর্তমানে ফ্রি এজেন্ট মাউরিসিও পোচেত্তিনোও সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন। টটেনহ্যাম, প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি) এবং চেলসির মতো ক্লাব পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তার। দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং তরুণ ফুটবলার গড়ে তোলার দক্ষতার কারণে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর কাছে তিনি আকর্ষণীয় বিকল্প হতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *