বিশ্বকাপের মধ্যেই ইতালির পরবর্তী কোচ হিসেবে পেপ গার্দিওলার নাম শোনা যাচ্ছিল। এর মধ্যে ম্যানচেস্টার সিটির সাবেক এই কোচের সঙ্গে আলোচনার বিষয়টি নিশ্চিত করেছে সাবেক চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ইতালীয় ফুটবল ফেডারেশনের প্রধান জিওভান্নি মালাগো জানান, জাতীয় দলের কোচের পদ শূন্য থাকায় পেপ গার্দিওলার সঙ্গে চলছে।
তবে এটি আদৌ বাস্তবায়িত হবে কি না, তা নিশ্চিত নয় বলেও জানান তিনি। গার্দিওলার ক্ষেত্রে কোচের বেতনের বাজেট বাড়ানো হতে পারে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হ্যাঁ, এবং সুস্পষ্ট কারণেই এটি একটি ব্যতিক্রমী বিষয় হতে পারে। আমি এখান বিস্তারিত কিছু বলব না, তবে এটি আদৌ ঘটবে কি না, তা নিশ্চিত নয়।
জিওভান্নি মালাগো বলেন, তবে আমি এখনও মনে করি, এটি সঠিক পদক্ষেপ ছিল। আলোচনা শুরু করা এবং তা চালিয়ে যাওয়াটা জরুরি ছিল। ইতালীয় ফুটবলের বিষয়ে গার্দিওলার প্রত্যক্ষ অভিজ্ঞতা রয়েছে। তিনি ব্রেসিয়া এবং এএস রোমার (২০০১-০৩) হয়ে খেলেছেন। ইতালীয় ফুটবল এমনিতেই খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। দেশটি তৃতীয়বারের মতো বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়।
৫৫ বছর বয়সী গার্দিওলা ইতিহাদ স্টেডিয়ামে এক দশকের বর্ণিল অধ্যায়ে ছয়টি প্রিমিয়ার লিগ শিরোপা ও চ্যাম্পিয়নস লিগ জয়ের পর গত মৌসুম শেষে ম্যানচেস্টার সিটির দায়িত্ব থেকে সরে দাঁড়ান। ইতালীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জাতীয় দলের কোচ হিসেবে ইতালির সাবেক আন্তর্জাতিক খেলোয়াড় আন্দ্রেয়া পিরলো এবং রবার্তো মানচিনির নামও বিবেচনা করা হচ্ছে।
উল্লেখ্য, মানচিনির অধীনেই ‘আজুরিরা ইউরো ২০২০-এর শিরোপা জিতেছিল। আগামী ২৫ সেপ্টেম্বর নেশনস লিগে দলটি বেলজিয়ামের মুখোমুখি হবে।


