দফায় দফায় বৃষ্টি আর ভেজা আউটফিল্ডের কারণে অনেক প্রচেষ্টার পরও শেষ পর্যন্ত পরিত্যক্তই হল এই দুই দলের ম্যাচ। আর তাতে কপাল পুড়ল পাকিস্তানের। গ্রুপ পর্বেই দলটির বিদায় নিশ্চিত হয়ে গেছে।তবে কাজের কাজ হয়ে গেছে যুক্তরাষ্ট্রের। চার ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ঘরের মাটিতে হওয়া বিশ্বকাপে দলটি নিশ্চিত করে ফেলেছে সুপার এইট। পাকিস্তানের (৩ ম্যাচে ২ পয়েন্ট) পাশাপাশি ‘ডি’ গ্রুপ থেকে বাদ পড়েছে আয়ারল্যান্ডও (৩ ম্যাচে ০ পয়েন্ট)। আর আগেই পরের রাউন্ডের টিকেট পেয়েছে ভারত। গ্রুপের অন্য দল কানাডা (৩ ম্যাচে ২ পয়েন্ট) বাদ আগেই।
ফ্লোরিডায় দিনভর চলা বৃষ্টির কারণে টসই হতে পারেনি। বৃষ্টি থামার পর মাঠ কর্মীদের অক্লান্ত পরিশ্রমে যখনই একটু আশার আলো দেখা গেছে, তখনই আবার ঝুম বৃষ্টিতে মাঠ খেলার অনুপযুক্ত হয়ে গেছে। বেশ আগেই ধারণা করা হচ্ছিল, ম্যাচটি হয়তো আর হবে না। তবে মাঠ কর্মীদের পাশাপাশি আম্পায়ারও চাচ্ছিলেন শেষ পর্যন্ত অপেক্ষা করতে।সেই লক্ষ্যে নুন্যতম ৫ ওভারের ম্যাচ হতে পারে, সেই ‘কাট আউট টাইম’ পর্যন্ত অপেক্ষা করা হয়। তবে আউটফিল্ড ভেজা থাকায় সেটাও আর সম্ভব হয়নি।
পাকিস্তানের হতাশার মঞ্চেই ইতিহাস রচনা করল যুক্তরাষ্ট্র। এই প্রথম সুপার এইটে খেলবে আইসিসির সহযোগী দেশটি। পাকিস্তানের আগে তারা আসরের প্রথম ম্যাচে তারা কানাডাকে হারায় ৭ উইকেটে। ভারতের কাছে হেরে গেলেও কঠিন পরীক্ষাই নেয় রোহিত-কোহলিদের।
এসকে/পিএইচএম


