ছয়টি দল, দুইটি আসন, এক স্বপ্ন- বিশ্বকাপ: ফিফা ইন্টারকন্টিনেন্টাল প্লে-অফের উত্তেজনায় ফুটবল বিশ্ব
২০২৬ সালের বিশ্বকাপ ফুটবল হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় আসর। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে অনুষ্ঠিতব্য এই মহাযজ্ঞকে কেন্দ্র করে বিশ্বজুড়ে উত্তেজনার পারদ দ্রুতই চড়া হচ্ছে। সরাসরি বাছাইয়ের পরও এখনও দুটি শূন্য আসন পড়ে আছে বিশ্বকাপের মূল মঞ্চে। আর সেই দুই আসনের জন্যই ছয় দলের লড়াই- অতি প্রতীক্ষিত ইন্টারকন্টিনেন্টাল প্লে-অফ। বিশ্বকাপে ওঠার শেষ দরজা হয়ে ওঠা এই টুর্নামেন্ট ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
২০২৬ বিশ্বকাপ আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা আগেই জায়গা নিশ্চিত করেছে । বাকি দলগুলো মহাদেশীয় বাছাইপর্বের পর নির্ধারিত হলেও, মহাদেশগুলোর প্রতিনিধিত্ব নিশ্চিত রাখতে ইউরোপ ছাড়া বাকি পাঁচ কনফেডারেশন থেকে একটি করে দল এবং আয়োজক কনফেডারেশন- কনক্যাকাফ থেকে অতিরিক্ত একটি দল নিয়ে সাজানো হয়েছে ছয় দলের বিশেষ এই টুর্নামেন্ট ।

এশিয়া অঞ্চলের প্রতিনিধি হিসেবে ইন্টারকন্টিনেন্টাল প্লে-অফে নামছে ইরাক, যারা বাছাইপর্বের পঞ্চম রাউন্ডের প্লে-অফে জিতে এই ধাপ নিশ্চিত করেছে। আফ্রিকা থেকে জায়গা পেয়েছে কঙ্গো, তারা দ্বিতীয় রাউন্ডের প্লে-অফে জয়ী হয়ে এসেছে এই পর্যায়ে। লাতিন আমেরিকার প্রতিনিধি বলিভিয়া তাদের বাছাই অভিযান শেষ করেছে সপ্তম স্থানে থেকে, আর ওশেনিয়া অঞ্চল থেকে যোগ দিচ্ছে নিউ ক্যালেডোনিয়া। অন্যদিকে, কনক্যাকাফ অঞ্চলে তৃতীয় রাউন্ডের বাছাইয়ে প্রথম ও দ্বিতীয় রানার্সআপ হওয়া জ্যামাইকা ও সুরিনাম- এই দুই দলকেও বিশ্বকাপের মূল মঞ্চে উঠতে হলে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে এই গুরুত্বপূর্ণ প্লে-অফ লড়াইয়ে। এই ছয় দলের মধ্য থেকে কেবল দুটি দল উঠতে পারবে বিশ্বকাপের গ্রুপ পর্বে।

প্লে-অফের ম্যাচগুলো হবে এক-লেগে অর্থাৎ, একটি ম্যাচেই সিদ্ধান্ত। কোনো হোম-অ্যাওয়ে সুবিধা নেই। ৯০ মিনিটে ফল না হলে অতিরিক্ত ৩০ মিনিট, এরপরও ড্র হলে টাইব্রেকার- ভাগ্য ও দক্ষতার সম্মিলিত পরীক্ষা। প্লে-অফে প্রতি দল ব্যবহার করতে পারবে ছয়জন বদলি খেলোয়াড় ।
২৩ মার্চ থেকে ৩১ মার্চের আন্তর্জাতিক উইন্ডোতে মেক্সিকোতে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টের ম্যাচগুলো, যা প্রতিটি দলের ভাগ্য নির্ধারণ করবে ২০২৬ সালের বৃহত্তম ফুটবল উৎসবে ।

বিশ্বকাপের ৪৮ দলীয় নতুন ফরম্যাট শুধু দলসংখ্যা বৃদ্ধিই নয়, বরং ফুটবলকে আরও বৈশ্বিক ও অন্তর্ভুক্তিমূলক করার লক্ষ্যেই গৃহীত। কম সুযোগ পাওয়া মহাদেশ বা ছোট জাতিগুলোর জন্য প্লে-অফ হলো স্বপ্ন পূরণের সোনালি দরজা। বিশেষ করে ওশেনিয়া বা আফ্রিকার দ্বিতীয় সারির দলগুলোর জন্য এটি বড় টুর্নামেন্টে জায়গা করে নেওয়ার এক অনন্য সুযোগ। এটিকে বলা যেতে পারে ফিফার পক্ষ থেকে ফুটবলকে আরও বৈচিত্র্যময় ও বিশ্বজনীন করার কৌশল। একইসঙ্গে এটি বিশ্বকাপের উত্তেজনা, প্রতিযোগিতা ও নাটকীয়তা বহুগুণ বাড়িয়ে দেয়।
নতুন এই কাঠামোর কারণে ফুটবল মানচিত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে। ছোট বা মধ্যম সারির দলগুলোর জন্য এটি শুধু একটি টুর্নামেন্ট নয়, বরং আন্তর্জাতিক ফুটবলে নতুন পরিচয় ও অবস্থান গড়ে তোলার সুযোগ। বিশেষ করে কনফেডারেশনভিত্তিক প্রতিনিধিত্বের ফলে বৈশ্বিক ফুটবলের পরিধি আরও বিস্তৃত হবে। তাছাড়া, প্লে-অফের নাটকীয়তা ও প্রতিযোগিতা বিশ্বকাপের আগমুহূর্তে বৈশ্বিক দর্শকদের মধ্যে বাড়িয়ে দেয় উত্তেজনা ও আগ্রহ।
ইন্টারকন্টিনেন্টাল প্লে-অফ শুধু শেষ দুটি আসনের লড়াই নয়, এটি বিশ্বকাপকে আরও বৈশ্বিক, প্রতিযোগিতামূলক এবং বৈচিত্র্যময় করে তোলার গুরুত্বপূর্ণ মাধ্যম। ছয় দলের তীব্র প্রতিদ্বন্দ্বিতা এবং অনিশ্চয়তায় ভরা এই টুর্নামেন্টই নির্ধারণ করবে- কারা হবে বিশ্বকাপ ২০২৬-এর শেষ দুই অতিথি।


