মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিরোধী আগ্রাসী নীতির কারণে কয়েকটি প্রতিযোগী দেশ বিপাকে পড়েছে। একইভাবে গ্রিনল্যান্ড দখলের চেষ্টাসহ বেশ কিছু কারণে ইউরোপে উঠেছে বিশ্বকাপ বয়কটের গুঞ্জন! সমর্থকদের ঝামেলায় পড়তে হতে পারে মনে করে ফিফার সাবেক সভাপতি সেপ ব্লাটারও তাদের যুক্তরাষ্ট্র ভ্রমণ থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন। যদিও একই সময়ে বেড়েছে দেশটিতে ফ্লাইট বুকিংয়ের হার।
আসন্ন ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপের আসর বসবে তিন দেশ– যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। সেখানে কাউকে প্রধান আয়োজক বলা না হলেও গুরুত্বপূর্ণ বেশিরভাগ ম্যাচই গড়াবে মার্কিন ভূমিতে। যার জন্য গত ৫ ডিসেম্বর ওয়াশিংটন ডিসিতে ফিফার এই মেগা ইভেন্টটির সূচি ঘোষণা করা হয়। এরপর থেকেই আমেরিকাগামী ফ্লাইট বুকিংয়ের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়ার কথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ট্রাভেল টেকনোলজি প্রতিষ্ঠান আমাদেউসের বরাতে এই তথ্য জানা গেছে।


