নীল সমুদ্রের ঢেউ, আগ্নেয়গিরির কালো পাহাড়, প্রবালপ্রাচীরের ঝিলিক- প্রকৃতির তিন ভিন্ন রূপ যেন এক সুতায় বাঁধা হয়ে দাঁড়িয়েছে বিশ্বফুটবলের মঞ্চে। কেপ ভার্দে, কুরাকাও ও নিউ ক্যালেডোনিয়া- প্রতিটি দেশই যেন মহাবিশ্বের কোনো শান্ত কোণে বসে থাকা রঙিন প্রকৃতির হাতে আঁকা জীবন্ত চিত্রপট। তিন দেশের মানুষের হাসি, তাদের উৎসব, সংগ্রাম, ঐতিহ্য আর জীবনযাপনের সাথে মিশে আছে ফুটবলের প্রতি অগাধ ভালোবাসা, যা এবার বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে চলেছে প্রকৃতির মতোই অপরূপ মহিমা নিয়ে।
আফ্রিকার পশ্চিম উপকূলে আটলান্টিকের গভীর নীল তরঙ্গে স্নান করে থাকা কেপ ভার্দে যেন প্রকৃতির নিজ হাতে গড়ে দেওয়া এক বিস্ময়। ৪,০৩৩ বর্গকিলোমিটার আয়তনের এই ছোট দেশটির মানুষের জীবন গড়ে উঠেছে আগ্নেয়গিরির বুকে, সোনালি বালির ঢেউয়ে, আর সুদূর সমুদ্রের বাতাসে। তাদের সাংস্কৃতিক পরিচয়ে মোরনা সঙ্গীতের মাটির গন্ধ, ক্রিওল ভাষার মায়া, আর উৎসবের রঙে আকাশ ঝলমল করে ওঠে। দেশটির বৃহত্তম শহর ও রাজধানী হলো প্রায়া। প্রায় ৬ লাখ মানুষের এই জাতি শতাব্দীর পর শতাব্দী ধরে প্রবাস, বাণিজ্য আর সমুদ্রযাত্রায় নিজেদের গড়ে তুলেছে। তাদের প্রচলিত মুদ্রার নাম কেপ ভার্দিয়ান এসকুডো। কিন্তু তাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে স্থিরতা ও পরিবর্তনের মাঝেও দাঁড়িয়ে থাকার ক্ষমতা। সেই দৃঢ়তারই প্রতীক ফুটবল। সীমিত অবকাঠামো থাকা সত্ত্বেও তারা স্বপ্ন দেখেছে, এবং এবার সেই স্বপ্ন পাড়ি দিচ্ছে বিশ্বকাপের সবুজ মঞ্চে। আগ্নেয়গিরির কালো ছাই যেমন জন্ম দেয় উর্বরতা, তেমনই কেপ ভার্দের ফুটবল আজ বিশ্বের সামনে নতুন আলোয় নিজেকে উন্মোচন করতে প্রস্তুত।

অন্যদিকে, কুরাকাও যেন ক্যারিবীয় সাগরের নীল আলোতে দাঁড়িয়ে থাকা এক রঙিন স্বপ্নের নাম। ডাচ ও আফ্রিকান ঐতিহ্যের মেলবন্ধনে গড়া রাজধানী উইলেমস্টাডের নীল-হলুদ-কমলা বাড়িগুলো যেন সকালবেলার সূর্যের সাথে প্রতিযোগিতা করে। মাত্র ৪৪৪ বর্গকিলোমিটার আয়তনের এই দেশটি কখনোই ছোট নয় সৌন্দর্যে বা প্রাণচাঞ্চল্যে বাতাসে উড়তে থাকা সোকা–ক্যালিপসো সুর, নৃত্যের ঢেউ, আর পাপিয়ামেন্টো ভাষার মায়ায় পথচারীরা যেন প্রতিদিন উদযাপন করে জীবনকে। প্রায় ১.৬ লাখ মানুষের এই দ্বীপের জীবনযাপন মুক্ত, সাহসী ও মোহময়। তাদের মুদ্রা ক্যারিবিয়ান গিল্ডার। পাথুরে উপকূলের ওপরে দাঁড়িয়ে সমুদ্রের বিশালতা দেখলে বোঝা যায় কুরাকাওবাসীর মনেও আছে সেই বিস্তৃতি, যা ফুটবলকেও করেছে আবেগের আরেক স্বর। ডাচ ফুটবলের ছায়া পিঠে নিয়ে তারা আজ বিশ্বমঞ্চে উঠে এসেছে এক নতুন ক্যারিবীয় শক্তি হিসেবে। সমুদ্রের ঢেউ যেমন কখনো স্থির থাকে না, ঠিক তেমনই কুরাকাওয়ের ফুটবলও থেমে নেই এক মুহূর্তের জন্য। এবার তাদের স্বপ্ন ভেসে আসছে দিগন্ত পেরিয়ে সারা পৃথিবীতে।

এদিকে, ওশেনিয়া অঞ্চলে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের সবুজ-নীল সংযোগস্থলে বুক ভরে দাঁড়িয়ে থাকা নিউ ক্যালেডোনিয়া যেন এক অপার্থিব বিস্ময়। ১৮,৫৭৫ বর্গকিলোমিটার আয়তনের এই বিস্তীর্ণ দ্বীপে আকাশ মিশে যায় পাহাড়ে, পাহাড় মিশে যায় বনে, আর বন মিশে যায় রঙিন জলে। প্রবালপ্রাচীরের লেগুন, হাজার বছরের কানাক ঐতিহ্য, কাঠের শিল্পকর্ম আর উপজাতীয় নৃত্যের ছন্দ এই দ্বীপকে দিয়েছে এক গভীর সাংস্কৃতিক নিজস্বতা। প্রায় ৩ লাখ মানুষের এই সমাজে ফরাসি শাসন ও স্থানীয় ঐতিহ্যের সহাবস্থান তৈরি করেছে এক অনন্য বৈচিত্র্য। নিউ ক্যালেডোনিয়ার রাজধানী হলো নুমেয়া যেটি দেশটির সবচেয়ে বড় শহর বলে পরিগনিত এবং এদেশের মুদ্রার নাম সিএফপি ফ্রাঙ্ক । প্রকৃতির মতোই শান্ত, ধীর এবং মায়াময় তাদের জীবন। কিন্তু ফুটবলের মাঠে এই শান্ত দ্বীপই হয়ে ওঠে ওশেনিয়ার এক শক্তিধর প্রতিনিধি। তাদের স্বপ্ন, তাদের লড়াই এবং তাদের আত্মবিশ্বাস যেন সেই সমুদ্রের মতোই, যে সমুদ্র প্রতিদিন নতুন ঢেউ তুলে তীরে আঘাত হানে। এবার সেই ঢেউ এসে লেগেছে বিশ্বকাপের সবুজ ঘাসে, যেখানে নিউ ক্যালেডোনিয়া তাদের ইতিহাসের সবচেয়ে উজ্জ্বল অধ্যায় লিখতে যাচ্ছে।

যখন বিশ্বকাপের সবুজ মাঠে খেলোয়াড়রা দৌড়াবে, গোলের জালে বল লাগবে, আর পৃথিবীর কোটি চোখ ভেসে যাবে উচ্ছ্বাসে; তখন সেই মুহূর্তে যেন জীবন্ত হয়ে ফুটে উঠবে তিন দেশের প্রাকৃতিক সৌন্দর্যের রূপকল্প। কেপ ভার্দের আগ্নেয়গিরির কালো মাটি আর রোদে ঝলমলে সোনালি বালি যেন বলের প্রতিটি স্পর্শে প্রতিধ্বনি তুলবে; কুরাকাওয়ের নীল লেগুন, রঙিন ঘরবাড়ি আর ক্যারিবীয় বাতাস যেন প্রতিটি পাসে ছড়িয়ে দেবে সমুদ্রের স্বাধীনতা; আর নিউ ক্যালেডোনিয়ার প্রবালপ্রাচীরের নীল ঝিলিক, পাহাড়ের নীরবতা আর বনভূমির সজীবতা যেন গোল উদযাপনে মিশে যাবে প্রাকৃতিক সুরের মতো।

