চলতি মৌসুমে কোচ জাবি আলান্সোর যাদুতে হার নামক শব্দটি ভুলতে বসেছে জার্মান ক্লাব বায়ার লেভারকুসেন। রাতে ইউরোপা লীগের শেষ ষোলোর ফিরতি লেগের ম্যাচে ঘরের মাঠে হারতেই বসেছিলো লেভারকুসেন। কিন্ত অতিরক্ত সময়ের নাটকীয়তায় আবারো প্রমাণ করলো হার শব্দের সাথে বিচ্ছেদের।
প্রথম লেগের অতিরিক্ত সময়ের গোলে ২-২ এ ড্র করা লেভারকুসেন ঘরের মাঠে লিখলো ফিরে আসার নতুন কাব্য। ম্যাচের ৬৮ মিনিটের মধ্যে পিছিয়ে পড়ে ২-০ ব্যবধানে। সবাই ধরেই নিয়েছিলো হয়তো লেভারকুসেনের জয়রথের ইতি এখানেই শেষ হলো। কিন্তু ঘটলো তার ঠিক উল্টো। ৭১ মিনিটে জেরোমে ফ্রিমপং এর গোলে ম্যাচে ফেরার আভাস দেয় ব্ল্যাক এন্ড রেডস। মূল নাটক মঞ্চস্থ হলো ম্যাচের একদম অতিরিক্ত সময়ে। ৯২ তম মিনিটে প্যাট্রিক সিকের গোলে সমতা এনে ম্যাচ জমিয়ে তোলে লেভারকুসেন। এরপর আর্জেন্টাইন এজকুয়েল প্যালাসিওসের বানিয়ে দেওয়া দারুণ বলে স্কোর করে ৯৭ তম মিনিটে বে অ্যারানাতে আরেকটি কাব্য রচনা করে জাবি শিষ্যেরা। ৩-২ গোলের জয় দিয়ে ৫-৪ অ্যাগ্রিগেটে কোয়ার্টার ফাইনালের টিকিট কাটলো লেভারকুসেন।এই জয় দিয়ে প্রতিযোগীতা মিলিয়ে এখন পর্যন্ত মৌসুমের ৩৭ ম্যাচে অপরাজিত ডাই ওয়ার্কসেল্ফরা।
৩২ জয়ের পাশাপাশি ৫ ড্র’তে টপ ফাইভ লীগের একমাত্র অজেয় লেভারকুসেন। ১৫ মার্চ, শুক্রবার বিকেল ৬ টাই অনুষ্ঠিত হবে ইউরোপা লীগের কোয়ার্টার ফাইনালের ড্র।
এসকে/এমওয়াই


