জয়ে সুপার সিক্স শুরু মেরিনার্সের

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকি লিগে দারুণ এক জয় পেয়েছে ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব। আজ শনিবার, (৬ এপ্রিল) মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় ঊষা ক্রীড়া চক্রকে ৫-৩ গোলের ব্যবধান হারায় মেরিনার্স। এ জয়ে ঊষার বিরুদ্ধে লিগের প্রথম লেগের হারের বদলা নিল সবুজ, মিলন, কৌশিকরা। জয়ী দলের অধিনায়ক ফজলে হোসেন রাব্বি, মাঈনুল ইসলাম কৌশিক, সোহানুর রহমান সবুজ এবং দুই ভারতীয় রাজিন্দর সিং ও দীপক একটি করে গোল করেন। মেরিনার্সের ভারতীয় রিক্রট ইশরাত ইকতিদার হ্যাটট্রিক করেও দলের পরাজয় ঠেকাতে পারেননি।

আজ খেলার তৃতীয় মিনিটে রাজিন্দর সিংয়ের ফিল্ড গোলে এগিয়ে যায় মেরিনার্স (১-০)। ১৪ মিনিটে কৌশিকের ফিল্ড গোলে ব্যবধান দ্বিগুণ করে বর্তমান চ্যাম্পিয়নরা (২-০)। প্রথম কোয়ার্টারে এগিয়ে থেকে মাঠ ছাড়ে মেরিনার্স।খেলার ২১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে মেরিনার্সকে আরো এগিয়ে নেন সবুজ (৩-০)। ২৪ মিনিটে প্রথম গোলের দেখা পায় ঊষা। ইকতিদারের ফিল্ড গোলে ব্যবধান ৩-১ করে দলটি। ৪৩ মিনিটে আবারো গোলের আনন্দ ঊষা শিবিরে। ইকতিদার গোল করলে ব্যবধান ৩-২ করে ঊষা। ৪৪ মিনিটে দীপকের ফিল্ড গোলে ব্যবধান আবারো বাড়িয়ে নেন মেরিনার্স (৪-২)। খেলার চতুর্থ ও শেষ কোয়ার্টারে দুটি গোল হয়। একটি করে মেরিনার্স ; অপরটি ঊষার। ৫১ মিনিটে রাব্বির গোলে ব্যবধান ৫-২ করে মেরিনার্স। ৫৮ মিনিটে খেলার শেষ গোলটি করেন ঊষার ইকতিদার (৫-৩)। এই গোলের মধ্য দিয়ে হ্যাটট্রিকপূর্ণ করে ইকতিদার।

এসকে/পিএইচএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *