প্রধান নির্বাচক হিসেবে বিসিবি থেকে কত বেতন পাবেন গাজী আশরাফ

দীর্ঘদিন ধরেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক প্যানেল নিয়ে নানা আলোচনা-সমালোচনা হয়েছে। শেষ পর্যন্ত আর মেয়াদ বাড়েনি মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমনের। তাদের বদলে এখন প্রধান নির্বাচক করা হয়েছে সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেনকে। গাজী আশরাফ হোসেন প্রধান নির্বাচকের দায়িত্ব পাওয়ার আগে বিসিবির পরিচালনা কমিটিতে ছিলেন। এছাড়া তিনি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান এবং বিপিএল গভর্নিং বডির চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন। দেশের একটি গণমাধ্যমের সূত্রে জানা গেছে, বিসিবি থেকে প্রধান নির্বাচক হিসেবে যে বেতন-ভাতা পাবেন তিনি সেটি সদ্য বিদায়ী প্রধান নির্বাচক নান্নুর চেয়ে অনেক বেশি। আগের প্রধান নির্বাচক নান্নু প্রায় ১ লাখ ৭০ হাজারের মতো বেতন পেতেন। সেক্ষেত্রে লিপুর বেতন প্রায় আড়াই লাখ স্পর্শ করার কথা জানিয়েছে বিসিবির একাধিক সূত্র। বিসিবির নতুন এই প্রধান নির্বাচক বিদেশ সফরে বোর্ড পরিচালকদের সমান দৈনিক ভাতা, আন্তর্জাতিক মানের হোটেলে থাকা, বিজনেস ক্লাসে বিমান ভ্রমণ, আন্তর্জাতিক সিরিজের সৌজন্য টিকিটসহ আরও কিছু সুযোগ-সুবিধা পেয়ে থাকবেন। আগামী ১ মার্চ নান্নুর স্থলাভিষিক্ত হবেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *