নারীদের আগামী সাফ চ্যাম্পিয়নশিপ হবে বাংলাদেশে। টুর্নামেন্ট শুরুর দিনতারিখ চূড়ান্ত না হলেও অক্টোবরে পর্দা ওঠার সম্ভাবনা। গত আসরে নেপালে ট্রফি জয়ী দল শ্রেষ্ঠত্ব ধরে রাখতে মাঠে নামবে। তার আগে সাবিনা খাতুনরা ফিফা উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলবেন চাইনিজ তাইপের বিপক্ষে।
এই ম্যাচ দুটি বিষয়ে বাফুফে নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘আমরা সবগুলো ফিফা উইন্ডোতেই মেয়েদের জন্য প্রীতি ম্যাচ আয়োজনের চেষ্টা করেছি। চেষ্টা বললে ভুল হবে অনেক বেশি চেষ্টা করেছি। তবে ব্যাটে বলে মেলেনি। তবে জুন উইন্ডোতে আমরা চাইনিজ তাইপের সঙ্গে খেলবো। প্রথম ম্যাচ ৩১ মে এবং দ্বিতীয় ম্যাচ ৩ জুন। তারা অফিশিয়ালভাবে চিঠি দিয়ে আমাদের নিশ্চিত করেছে। বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচ দুটি আয়োজিত হবে।’


