এক নজরে এশিয়া কাপ; শিরোপার লড়াইয়ে এগিয়ে থাকছে কে?

এশিয়া কাপ ক্রিকেটে গত চার দশকের শ্রেষ্ঠ দলগুলোকে নিয়ে গড়া ইতিহাস সত্যিই মুগ্ধ করে। ১৯৮৪ সালে শুরু হওয়া এই আসরে এখনও পর্যন্ত শুধুমাত্র তিনটি দেশই শিরোপা জিতেছে ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তান। তাদের সংগ্রহে মোট কতগুলো শিরোপা? চলুন সংখ্যায় এবার খানিকটা মনযোগ দিই। এখন পর্যন্ত সর্বাধিক ৮টি শিরোপা (১৯৮৪, ১৯৮৮, ১৯৯০–৯১, ১৯৯৫, ২০১০, ২০১৬, ২০১৮, ২০২৩) জিতে প্রথম স্থানে অবস্থান করছে ভারত। এশিয়ার অন্যতম শক্তিশালী দল হিসেবে ভারত প্রতিবারই শিরোপার দাবিদার থাকে। বিশেষ করে রোহিত শর্মার নেতৃত্বে ২০২৩ সালের শিরোপা জয় আবারও প্রমাণ করেছে তাদের শ্রেষ্ঠত্ব।

 সর্বাধিক ফাইনাল খেললেও, সর্বমোট ৬টি শিরোপা (১৯৮৬, ১৯৯৭, ২০০৪, ২০০৮, ২০১৪, ২০২২) নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে শ্রীলঙ্কা। এশিয়া কাপে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে সবসময় বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হয় লঙ্কানরা। ২০২২ সালে টি ২০ সংস্করণে পাকিস্তানকে হারিয়ে লঙ্কানরা আবারো তাদের যোগ্যতার প্রমাণ দিয়েছে।

সর্বমোট ২ টি শিরোপা (২০০০, ২০১২) নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে পাকিস্তান। যদিও তাদের কাছে রয়েছে বিশ্বমানের ক্রিকেটার, তবুও ধারাবাহিকতার অভাবে এশিয়া কাপের শিরোপার সংখ্যা সীমিতই রয়ে গেছে পাকিস্তানের।

 সাম্প্রতিক কয়েকটি আসরের দিকে তাকালে দেখা যায়, সর্বশেষ২০২৩ এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কাকে মাত্র ৫০ রানে অল-আউট করে, ১০ উইকেটে জয় দিয়ে রেকর্ড দাঁড় করায় ভারত। ২০২২ এশিয়া কাপ ফাইনালে টি২০ ফরম্যাটে পাকিস্তানের বিপক্ষে ২৩ রানে জয় লাভ করে নিজেদের ৬ষ্ঠ শিরোপা নিশ্চিত করে শ্রীলঙ্কা। ২০১৮ এশিয়া কাপ ফাইনালটি ছিল এক চরম উত্তেজনাপূর্ণ ম্যাচ; ভারত শেষ ওভারে মাত্র তিন উইকেটে জয় পায় বাংলাদেশের বিপক্ষে।

ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তান ছাড়া এখন পর্যন্ত আর কোনো দেশ শিরোপা জিততে পারেনি। যদিও বাংলাদেশ তিনবার (২০১২, ২০১৬, ২০১৮) ফাইনালে ওঠে তবুও তারা কোনো শিরোপার দেখা পায়নি। প্রতিবারই তারা লড়াই করেছে শেষ মুহূর্ত পর্যন্ত, তবে ভাগ্য সহায় হয়নি। তবুও বাংলাদেশের ক্রিকেট ভক্তরা আশা করছেন শিগগিরই প্রথমবারের মতো ট্রফি হাতে নেবে টাইগাররা।

২০২৫ এর এশিয়া কাপটি হবে টি২০ ফরম্যাটে, আয়োজিত হবে সংযুক্ত আরব আমিরাতে। টুর্নামেন্টটি ৯ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে এবং ২৮ সেপ্টেম্বর  ফাইনালের মাধ্যমে পর্দা নামবে এশিয়া কাপের এবারের আসরের।

   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *