ঢাকায় বসছে ছয় জাতির আন্তর্জাতিক হ্যান্ডবল উৎসব

ঢাকায় এর আগেও তিন বার আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্টের আসর বসেছে। তবে পেছনের সব কটি আসর ছাপিয়ে যাওয়ার প্রত্যাশায় এবারের প্রতিযোগিতা আয়োজন করছে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন। আগামী ১০ জুন থেকে পল্টনস্থ শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হবে পাঁচ দিন ব্যাপী বয়সভিত্তিক পুরুষ আইএইচএফ (আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন) ট্রফি-২০২৬।

ভারত, নেপাল, ইয়েমেন, মালদ্বীপ, আফগানিস্তান ও বাংলাদেশ- এই ছয় জাতির অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। অনূর্ধ্ব-২০ বিভাগে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। ‘এ’ গ্রুপে খেলবে ভারত, নেপাল ও ইয়েমেন। ‘বি’ গ্রুপে মালদ্বীপ, আফগানিস্তান ও স্বাগতিক বাংলাদেশ। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলগুলো নিয়ে হবে সেমিফাইনাল। ১৪ জুন ফাইনাল।

অনূর্ধ্ব-১৮ বিভাগের ম্যাচগুলো রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হবে। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলটি পরবে চ্যাম্পিয়নের মুকুট।
বিশ্বজুড়ে হ্যান্ডবলের মানোন্নয়ন এবং তৃণমূল পর্যায়ে তরুণ খেলোয়াড়দের আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ করে দিতে আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন পুরো এশিয়া মহাদেশকে কয়েকটি ভৌগোলিক জোনে বা অঞ্চলে ভাগ করেছে। আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশনের নিয়ম অনুযায়ী দক্ষিণ ও মধ্য এশিয়া নিয়ে গঠিত হয়েছে এশিয়ান জোন-২। এই জোনের অধীনে বিভিন্ন টুর্নামেন্টের অন্যতম এবারের বয়সভিত্তিক আইএইচএফ ট্রফি। এই জোনে চ্যাম্পিয়ন হওয়া দলটি পরবর্তী সময়ে পুরো এশিয়া মহাদেশের মূল পর্বে কন্টিনেন্টাল ফেসে খেলার সুযোগ পাবে।

এর আগে প্রথমবার ঢাকায় হ্যান্ডবলের আন্তর্জাতিক আসর বসেছিল ২০০০ সালে। সেবার হয়েছিল এশিয়ান উইমেন্স জুনিয়র হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ। এরপর ২০১০ সালে দক্ষিণ এশিয়ান গেমসে হ্যান্ডবল ডিসিপ্লিন অন্তর্ভুক্ত ছিল। সর্বশেষ ২০২৩ সালের মে মাসে হয়েছিল আইএইচএফ উইমেনস চ্যালেঞ্জ ট্রফি। ওই টুর্নামেন্টে অনূর্ধ্ব-১৭ এবং অনূর্ধ্ব-১৯ বিভাগে বাংলাদেশ, ভারত, নেপাল ও মালদ্বীপ অংশ নিয়েছিল। যেখানে মেয়েদের অ-১৭ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।
এবারের প্রতিযোগিতাকে সামনে রেখে দুই মাস নিবিড় অনুশীলন করেছে বাংলাদেশ দল।

অনূর্ধ্ব-২০ দলের অধিনায়ক রাতুল উদ্দিন গ্রুপের প্রতিটি ম্যাচ জিতে ফাইনালে উঠতে চান, “আমাদের অনুশীলন ভালো হয়েছে। ফাইনালে উঠতে হলে আমাদের গ্রুপে ভালো করতে হবে। আমাদের প্রথম লক্ষ্যই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া।”
অনূর্ধ্ব-১৮ দলের অধিনায়ক আসাদুল্লাহ আদিব প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট, “আমরা গত দুই মাস অনুশীলন করছি। পর্যায়ক্রমে জাতীয় দল, বাংলাদেশ পুলিশ, বিজিবি, ঢাকা দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলেছি। প্রত্যেক ম্যাচে ভুল শোধরানোর চেষ্টা করেছি। ঘরের মাঠে খেলা। আশা করি সর্বোচ্চটা দিয়ে দলকে চ্যাম্পিয়ন করতে পারব।”

প্রতিযোগিতা উপলক্ষ্যে ৬ জুন রবিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হ্যান্ডবল ফেডারেশনের সহ-সভাপতি ড. আবু নছর মোহাম্মদ আবদুল্লাহ, মোহাম্মদ মজনু মোল্লাহ, সাধারণ সম্পাদক মো: সালাউদ্দিন আহম্মেদ, স্পনসর প্রতিষ্ঠান ঢাকা আইসক্রীম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের হেড অব মার্কেটিং আবদুল্লাহ আল মামুন, অ-১৮ দলের ম্যানেজার কামরুল ইসলাম, অ-২০ দলের ম্যানেজার মোহাম্মদ সেলিম মিয়া, টুর্নামেন্ট কো-অর্ডিনেটর রাশিদা আফজালুন নেসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *