ট্রিপল এইচ: রেসলিংয়ের রাজা “দ্য গেম”

রেসলিং জগতে “দ্য গেম” নামটি উচ্চারণ করলেই ভক্তদের মনে ভেসে ওঠে এক কিংবদন্তি মুখ- ট্রিপল এইচ। তাঁর আসল নাম পল মাইকেল লেভেক। তিনি ১৯৬৯ সালের ২৭ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের নাশুয়া শহরে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই খেলাধুলা ও শরীরচর্চার প্রতি তাঁর আগ্রহ ছিল প্রবল। কিশোর বয়সে তিনি বডিবিল্ডিংয়ে অংশ নিয়ে “Teenage Mr. New Hampshire” খেতাব অর্জন করেন, যা তাঁকে পেশাদার রেসলিংয়ে প্রবেশে উৎসাহিত করে।
১৯৯২ সালে “তেররা রাইজিং” (Terra Ryzing) নামে তিনি রেসলিং ক্যারিয়ার শুরু করেন। প্রথমদিকে স্থানীয় কিছু ইভেন্টে অংশ নিলেও তাঁর প্রতিভা নজর কাড়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ (WCW)- এ। তবে প্রকৃত সাফল্য আসে ১৯৯৫ সালে ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (WWE) তে (তখনকার WWF) যোগ দেওয়ার পর। সেখানে তিনি “Hunter Hearst Helmsley” নামে এক অহংকারী অভিজাত চরিত্রে আত্মপ্রকাশ করেন। ধীরে ধীরে দর্শকরা তাঁর অভিনয় ও পারফরম্যান্সে মুগ্ধ হতে শুরু করে, আর সেখান থেকেই জন্ম নেয় কিংবদন্তি রেসলার ট্রিপল এইচ (Triple H) ।
১৯৯৭ সালে তিনি শন মাইকেলসের সঙ্গে মিলে গঠন করেন ডি জেনারেশন এক্স (D-Generation X) সংক্ষেপে DX নামের বিদ্রোহী দল, যা WWE-এর ইতিহাসে নতুন যুগের সূচনা করে। DX-এর হাস্যরস, বিদ্রোহী মনোভাব এবং “Suck It!” স্লোগান ভক্তদের হৃদয় জয় করে নেয়। এই সময় থেকেই ট্রিপল এইচ WWE-এর অন্যতম জনপ্রিয় তারকায় পরিণত হন।
এরপর শুরু হয় তাঁর সোনালী সময়। ১৯৯৯ থেকে ২০০৫ সাল পর্যন্ত তিনি WWE-এর সবচেয়ে প্রভাবশালী রেসলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। দ্য গেম (The Game) নামে নিজের পরিচয় তুলে ধরে তিনি একের পর এক কিংবদন্তি রেসলারকে পরাজিত করেন- দ্য রক, স্টোন কোল্ড স্টিভ অস্টিন, আন্ডারটেকার, কার্ট অ্যাঙ্গেল ও শন মাইকেলস তাঁদের মধ্যে অন্যতম। ২০০০ সালে তিনি গঠন করেন ইভোলুশন (Evolution) দল, যেখানে রেন্ডি অর্টন, বাতিস্তা ও রিক ফ্লেয়ার ছিলেন। এই দলের নেতৃত্বে তিনি তরুণ রেসলারদের তারকা হতে সহায়তা করেন এবং WWE-এর ভবিষ্যৎ গড়তে ভূমিকা রাখেন।


রেসেলম্যানিয়ার মঞ্চে ট্রিপল এইচ অসংখ্য স্মরণীয় ম্যাচ খেলেছেন। বিশেষ করে রেসেলম্যানিয়া-২৮ (WrestleMania 28) এ আন্ডারটেকারের বিপক্ষে “End of an Era” ম্যাচ WWE-এর ইতিহাসের অন্যতম আবেগময় লড়াই হিসেবে জায়গা করে নিয়েছে। ইনজুরি ও বয়স বাড়লেও তিনি রেসলিং ছাড়েননি; বরং রূপ নেন এক দূরদর্শী কর্পোরেট নেতায়। বর্তমানে তিনি WWE-এর চিফ কন্টেন্ট অফিসার (CCO) এবং হেড অফ ক্রিয়েটিভ, যিনি কোম্পানির গল্প, চরিত্র ও প্রতিযোগিতা নির্ধারণ করেন। তাঁর নেতৃত্বেই “NXT” ব্র্যান্ড নতুন রূপে তরুণ প্রতিভাদের মঞ্চে এনেছে।
ব্যক্তিগত জীবনে ট্রিপল এইচ বিবাহিত WWE এর চেয়ারম্যান ভিন্স ম্যাকমাহনের কন্যা স্টেফানি ম্যাকমাহন এর সঙ্গে। তাঁদের তিন কন্যা রয়েছে এবং পরিবারটি WWE-এর ঐতিহ্য ধরে রেখেছে। দীর্ঘ ক্যারিয়ারে তিনি ১৪ বার বিশ্ব চ্যাম্পিয়নশিপ, ৫ বার ইন্টারকন্টিনেন্টাল, ২ বার ইউরোপিয়ান ও ২ বার ট্যাগ টিম শিরোপা জিতেছেন। তিনি ১৯৯৭ সালে কিং অফ দ্যা রিং (King of the Ring) ও ২০০২ সালে রয়্যাল রাম্বল (Royal Rumble) বিজয়ী হন।
২০২৩ সালে ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (WWE) তাঁকে হল অফ ফেম (Hall of Fame) এ অন্তর্ভুক্ত করে, যা তাঁর অমর অবদানের স্বীকৃতি। রিংয়ের যোদ্ধা থেকে কর্পোরেট নেতৃত্বে, ট্রিপল এইচ প্রমাণ করেছেন- একজন সত্যিকারের কিংবদন্তি কখনো হারিয়ে যান না; বরং সময়ের সঙ্গে আরও উজ্জ্বল হয়ে ওঠেন। আজও তাঁর সেই বিখ্যাত উক্তি ভক্তদের মনে প্রতিধ্বনিত হয়-
“I am The Game, and I am that damn good!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *