২০২৫ সালের অক্টোবরের শেষ ভাগে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে অনুষ্ঠিত তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছিল রোমাঞ্চ, পরিসংখ্যান আর ক্রিড়া-কৌশলের দারুণ এক মিশ্রণ। ক্রিকেট বিশ্বের দুই পরাশক্তির এই লড়াই আবারও প্রমাণ করেছে- খেলার মাঠে শুধু দক্ষতা নয়, মানসিক দৃঢ়তাই নির্ধারণ করে জয়-পরাজয়ের ফারাক।
সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয় পার্থের বাউন্সি উইকেটে, যেখানে অস্ট্রেলিয়ার পেস আক্রমণের সামনে ভারতীয় ব্যাটাররা কার্যত অসহায় হয়ে পড়ে। প্রথমে ব্যাট করতে নেমে ভারত মাত্র ১৩৬ রানে ৯ উইকেটে ইনিংস গুটিয়ে ফেলে ২৬ ওভারের মধ্যেই। কেএল রাহুল ও অক্ষর প্যাটেল কিছুটা প্রতিরোধ গড়লেও তা স্থায়ী হয়নি। অস্ট্রেলিয়ার মিচেল স্টার্কন নাথান এলিস ও জশ হ্যাজলউডের বোলিংয়ে ছিল নিখুঁত লাইন-লেংথ আর অপ্রতিরোধ্য গতি। জবাবে অস্ট্রেলিয়া মিচেল মার্শের সুচারূ ব্যাটিং এ সহজেই ২১.১ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্য ছুঁয়ে ফেলে। শুরুতেই সিরিজের নিয়ন্ত্রণ চলে যায় স্বাগতিকদের হাতে। ম্যাচ শেষে ম্যাচ সেরা হন মিচেল মার্শ।
দ্বিতীয় ওয়ানডেতে দৃশ্যপট কিছুটা ভিন্ন। ভেন্যু ছিল অ্যাডিলেড ওভাল, যেখানে ভারত কিছুটা দৃঢ়তার পরিচয় দেয়। রোহিত শর্মা, অক্ষর প্যাটেল এবং শ্রেয়াস আইয়ারদের ব্যাট থেকে আসে গুরুত্বপূর্ণ রান, তবে এডাম জাম্পার দূর্দান্ত বোলিংএ নির্ধারিত ৫০ ওভারে ভারত ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২৬৪ রান। জবাবে অস্ট্রেলিয়ার ইনিংসে ম্যাথিউ শর্ট, কুপার ক্যানোলি ও ট্রাভিস হেডের চমৎকার ব্যাটিংয়ে দলটি ৪৬.২ ওভারে লক্ষ্য অতিক্রম করে ২ উইকেট হাতে রেখে জয় তুলে নেয়, যেখানে ম্যাচ সেরা হন অজি লেগ স্পিনার এডাম জাম্পা। ফলাফল, অস্ট্রেলিয়া ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে নেয়; আর ভারতের সামনে থেকে যায় কেবল লজ্জা এড়ানোর লড়াই।
তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হয় ঐতিহাসিক সিডনি ক্রিকেট গ্রাউন্ডে, আর এই ম্যাচে দেখা যায় এক ভিন্ন ভারত। শুরু থেকেই তাদের শরীরে ছিল আত্মবিশ্বাসের ঝলক। অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে মাত্র ২৩৬ রানে অলআউট হয়। ভারতীয় বোলারদের মধ্যে তরুণ হর্ষিত রানা, ওয়াশিংটন সুন্দর ও মোহাম্মদ সিরাজ দারুণ নিয়ন্ত্রিত বোলিং করেন। জবাবে ভারতের হয়ে ব্যাট হাতে রোহিত শর্মা ও বিরাট কোহলি ফিরে আসেন তাদের পুরোনো রুপে। দুই অভিজ্ঞ তারকার ব্যাটে একের পর এক নিখুঁত শট মাঠজুড়ে নিয়ে আসে আত্মবিশ্বাসের ঝলক। রোহিত শর্মা ১২১ রানে অপরাজিত থাকেন, কোহলি ৭৪ রানে সঙ্গ দেন। ভারত ৩৮.৩ ওভারে মাত্র এক উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায়। শেষ ম্যাচে ম্যাচ সেরা এবং সিরিজ সেরা হন রহিত শর্মা। এই জয় ভারতের জন্য সিরিজে সান্ত্বনার হলেও আত্মবিশ্বাস ফেরানোর দিক থেকে ছিল অসাধারণ।
পুরো সিরিজের ফলাফল দাঁড়ায় অস্ট্রেলিয়া ২, ভারত ১। কিন্তু পরিসংখ্যানের বাইরেও এই সিরিজে শেখার অনেক কিছু ছিল দুই দলের জন্যই। ৩ ম্যাচের এই সিরিজে ব্যক্তিগত সর্বোচ্চ ২০২ রান সংগ্রহ করে ব্যাটারদের মধ্যে শীর্ষস্থানে রয়েছেন ভারতীয় ব্যাটার রহিত শর্মা। অন্যদিকে, বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ ম্যাচে সর্বোচ্চ ৬ উইকেট নিয়ে শীর্ষস্থানে ধরে রেখেছেন ভারতীয় পেসার হার্সিত রানা।
বিশ্লেষকরা মনে করছেন, ভারতের জন্য এটি ছিল একটি “ওয়ার্নিং সিরিজ” যেখানে প্রথম দুই ম্যাচে ভরাডুবির পর তারা বুঝতে পেরেছে, ম্যাচ জেতা মানে পুরো ৫০ ওভার জুড়ে নিয়ন্ত্রণ ধরে রাখা। শেষ ম্যাচের জয়ে দলটি প্রমাণ করেছে, সঠিক মানসিকতা থাকলে তারা যে কোনো প্রতিপক্ষের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে সক্ষম। অন্যদিকে, অস্ট্রেলিয়া তাদের শক্তি ও দৃঢ়তার পরিচয় দিয়েছে। দক্ষ বোলিং ইউনিট, ফিল্ডিংয়ে শৃঙ্খলা এবং ব্যাটিংয়ে আত্মবিশ্বাস সব মিলিয়ে একটি পূর্ণাঙ্গ পারফরম্যান্স উপহার দিয়েছে তারা।


