পিছিয়ে যেয়েও কোস্টারিকার বিরুদ্ধে সহজ জয় নিয়ে মাঠ ছাড়লো আর্জেন্টিনা। প্রথমে ম্যাচে পিছিয়ে পড়েও কোস্টারিকার বিপক্ষে ৩-১ গোলের সহজ জয় নিয়ে মাঠ ছেড়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে গোল পেতে মরিয়া আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের ৩৪ মিনিটে উগালদের গোলে এগিয়ে যায় কোস্টারিকা। প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বিশ্বচ্যাম্পিয়নরা৷
দ্বিতীয় অর্ধের ৫২ মিনিটে অনিয়মিত অধিনায়ক এঞ্জেল ডিমারিয়ার অসাধারণ ফ্রিকিক গোল থেকে সমতায় ফেরে আর্জেন্টিনা। সমতায় ফেরার চার মিনিট পরেই এলেক্সিস ম্যাক এলিস্টারের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। এরপরে বদলি খেলোয়াড় হিসাবে নামা রদ্রিগো ডি পলের এসিস্টে আরেক বদলি খেলোয়াড় লাউতারো মার্টিনেজের গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। শেষ দিকে নিকো গঞ্জালেসের সহজ সুযোগ মিসে গোল ব্যবধান আর বারানো সম্ভব হয়নি। শেষ পর্যন্ত কোস্টারিকার বিপক্ষে ৩-১ গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে বর্তমান কোপা ও বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা।
এসকে/আরআর


